সোলেইমানি হত্যায় ট্রাম্পের বিচার করার ঘোষণা ইরানের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম

ইরানের সেনাবাহিনীর শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর অভিজাত কুদস্ বাহিনীর সাবেক প্রধান জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যার ঘটনায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের কাঠগড়ায় তোলা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, নিরপেক্ষ কোনো আদালতে বিচার করা হবে ট্রাম্পের।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে বুধবার এক দীর্ঘ বক্তব্য রাখেন ইরানের প্রেসিডেন্ট। এ সময় তিনি জেনারেল সোলেইমানির একটি ছবি উচিয়ে, ইরানের আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে তার অবদান বর্ণনা করেন।

সোলেইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন। সেসময় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘শহীদ লেফটেন্যান্ট জেনারেল সোলেইমানির অসামান্য এবং অগ্রণী ভূমিকার ফলে পশ্চিমের জবরদস্তি এবং হস্তক্ষেপমূলক নীতির বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তার দৃঢ় নেতৃত্বে আমেরিকার সৃষ্ট সন্ত্রাস দমন করা সম্ভব হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানচিত্র পরিবর্তনের অপচেষ্টা ঠেকানো গেছে’।

একটি স্বাধীন আদালতের মাধ্যমে আমেরিকার সাবেক প্রেসিডেন্টের অপরাধের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন রাইসি।

তিনি বলেন, ‘এই তো কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, আইএসআইএস যুক্তরাষ্ট্র তৈরি করেছে। জঙ্গি সংগঠনটি আমেরিকার কোন সরকারের আমলে গঠন করা হয়েছিল, সেটা আমাদের বিবেচ্য নয়। সমস্যা হলো, অনেক দূরের একটি সরকার লাখ লাখ নারী, শিশুর রক্তের বিনিময়ে আমাদের অঞ্চলের মানচিত্রকে নতুন করে আঁকার সিদ্ধান্ত নিয়েছে। সেই অপচেষ্টা রুখে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র’।

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধের কমান্ডার, নায়ক এবং আইএসআইএসকে নির্মূলকরী ছিলেন জেনারেল সোলেইমানি। মধ্যপ্রাচ্যের মানুষকে মুক্ত করতে তিনি শহীদ হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এ অপরাধের দায় নিয়েছেন। যারা জেনারেলকে হত্যার নির্দেশ দিয়েছিল এবং যারা তা কার্যকর করেছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করবে ইরান’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত