ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠির প্রতিমা শিল্পীরা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ এএম

ঝালকাঠিতে এ বছর ১৭৪টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। উৎসব উদযাপনের প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে। মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষে প্রশাসন ও পূজা উদযাপন কমিটি অনুষ্ঠান পরিচালনার জন্য সকল ধরনের উদ্যোগ নিয়েছে। 

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী এক অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে  চলেছে। ইতিমধ্যে মাটির কাজও প্রায় শেষ পর্যায়ে। এর পরেই শুরু হবে রং তুলির কাজ। তাই আয়োজকরাও পূজা উদযাপন সফল করতে ব্যস্ত পার করছেন। তবে বৈশ্বিক পরিস্থতি বিবেচনা করে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আলোকসজ্জার পরিধি কমিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন আয়োজকরা।
 
জেলা পৌর শহরে ১৩টিসহ চার উপজেলায় মোট ১৭৪টি পূজা মণ্ডপ তৈরি হয়েছে। আগামী এক অক্টোবর সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও দুর্গাউৎসব শুরু হবে। 

image

প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, প্রয়োজনীয় উপকরণের মূল্য বাড়লেও সে তুলনায় বাড়েনি তাদের মজুরি।

ঝালকাঠি শহরের পাবলিক হরিসভা মন্দিরে দুর্গা প্রতিমা তৈরির কারিগর প্রতিমা শিল্পী উত্তম কুমার পাল বলেন, আমাদের প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে।দু-এক দিনের মধ্যেই আমরা রং তুলির কাজ শুরু করব। যা ৩০ সেপ্টেম্বরের আগেই শেষ হবে।

প্রতিমা শিল্পী মিলন কুমার পাল বলেন, সরকারের কাছে আমাদের জোর দাবি অন্যান্য শিল্পের মত প্রতিমা শিল্পের সঙ্গে জড়িত মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতা করা। তা না হলে আমাদের বেঁচে থাকা কষ্টসাধ্য হবে।

ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী জেলার সকল মন্দিরে দুর্গাপূজার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার সকল মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা করেছি। আশা করছি শান্তিপূর্ণ ভাবেই আমরা পূজা উদযাপন করতে পারব। এবছর দুর্গা আসছেন গজে চড়ে, যাবেন নৌকায়। শশ্যপূর্ণ বসুন্ধরায় ভরে উঠবে দেশ এ প্রত্যাশা আমাদের।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, সরকারের নির্দেশনা যথাযথ ভাবে প্রতিপালন করে সুষ্ঠুভাবে সনাতন ধর্মাবলম্বিদের শারদীয় দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। দুর্গাউৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য এর আগে জেলার সকল মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সভা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত