রাজশাহী জেলা পরিষদ নির্বাচন

‘বিদ্রোহী’ প্রার্থীকে আওয়ামী লীগ নেতার হুমকি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩০ এএম

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আক্তারুজ্জামান আক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ‘অসুবিধা’ হবে বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এই ঘটনায় আক্তারুজ্জামান আক্তার গত বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল জলিলের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মীর ইকবাল রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান আক্তার জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।

অভিযোগে আক্তারুজ্জামান বলেন, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নেতৃত্বে অজ্ঞাত কয়েকজন আমার বাড়িতে গিয়ে খোঁজ করেন। আমাকে না পেয়ে বাড়ির সামনের একটি দোকানে গিয়ে বলে আসেন তার সঙ্গে যেন যোগাযোগ করি। ওই দিনই তিনি আমার দামকুড়া বাজারের অফিসে যান। সেখানে না পেয়ে স্থানীয়দের বলে আসেন আমি যেন প্রার্থিতা প্রত্যাহার করি। আর না করলে আমার অসুবিধা হবে বলে জনসম্মুখে হুমকি দিয়ে যান।

তিনি অভিযোগে আরও বলেন, গত ২০ সেপ্টেম্বর জেলা পরিষদ অফিস থেকে সভা শেষ করে ইউপি চেয়ারম্যানদের নিয়ে আওয়ামী লীগ নেতারা নগরীর একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভা করেন। সেই সভায় আমাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এছাড়া গত বুধবার একটি রেস্তোরাঁয় এক সভায় আমাকে আবারও হুমকি দেওয়া হয়। সভায় আগামী ২৫ তারিখের মধ্যে যেন আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিই এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থাকি সে বিষয়ে আলোচনা হয়।

হুমকির বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, আমিসহ জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার ও আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা মীর ইকবালের ছেলে মীর ইসতিয়াক লেমন আক্তারকে বুঝানোর জন্য তার বাড়ি যাই। তবে কোনো হুমকি দেওয়া হয়নি। তার সঙ্গে সামনাসামনি দেখাও হয়নি।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল জলিলের মোবাইল ফোনে কল করলে তিনি ধরেননি।

তবে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন গতকাল শুক্রবার দুপুরে জানান, চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামানের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত