বিদায়বেলায় ফেদেরার বুঝিয়ে দিলেন তিনিই ‘টেনিসের রাজা’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২৬ পিএম

দীর্ঘ চোট থেকে সেরে ওঠে শেষ বারের মতো টেনিস কোর্টে ফিরবেন বলে জানিয়েছিলেন রজার ফেদেরার। শেষ লড়াইয়ে পাশে পেয়েছিলেন অন্যতম সেরা প্রতিপক্ষ নাদালকে। লেভার কাপের প্রথম দিন ম্যাচের মধ্যে পাগলের মতো ফেদেরারের দিকে একের পর এক টি-শার্ট খুলে ছুড়ে দিয়েছেন তারই কোনো এক ভক্ত। ফেদেরার দেখেছেন। হালকা হেসেছেন। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করেছেন। খেলা শেষে সেটা আর পারলেন না।

image

বাচ্চা ছেলের মতো অঝোরে কাঁদলেন অনেক্ষণ। শক্ত করে জড়িয়ে ধরে স্ত্রী মিরকা ফেদেরার তার আবেগ সামলানোর চেষ্টা করছিলেন। তবুও গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু বলে দেয়, এ আবেগ থামার নয়। যা ছুঁয়ে গেছে সতীর্থদেরও। এক পর্যায়ে নোভাক জকোভিচ, রাফায়াল নাদালরা এসে জড়িয়ে ধরছেন। নাদালও কাঁদলেন হাউমাউ করেই। অদ্ভুত এক হাসিতে আবেগ লুকিয়ে রাখতে চেয়েও শেষ পর্যন্ত পারলেন না জকোভিচ। বার বার চোখ মুছছিলেন। প্রতিপক্ষের বিদায়ে কবে কে এ দৃশ্য দেখেছে! তিনি দেখালেন। শেষে নিজেকে কিছুটা সামলে পুরো কোর্ট ঘুরলেন। হাত নেড়ে দর্শকদের ধন্যবাদ জানালেন। তারপর প্রতিপক্ষদের কাঁধে চড়ে বিদায়বেলায় ফেদেরার বুঝিয়ে দিলেন, তিনিই টেনিসের ‘রাজা’।

শুধু নাদাল-জকোভিচরাই নন। চোখ শুকনো ছিল না চিচিপাস ও রুডদের মতো তরুণ টেনিস খেলোয়াড়দেরও। দর্শকসারিতে বসে থাকা স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরাও কাঁদলেন। এসব দেখে কি আর নিজের আবেগ ধরে রাখা যায়! না পেরে চোখের জলে ভাসলেন।

image

কোর্টে আর আগের মতো নড়াচড়া নেই। এক হাতের ব্যাক হ্যান্ড আর আগের মতো প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে না। শেষ ম্যাচে তবুও সেই পুরনো ঝলক দেখা গেছে কয়েকবার। সঙ্গী নাদালের বিপক্ষে শুরুটা ভাল করলেও শেষে হেরে যান ফেদেরার। কিন্তু এই ম্যাচে ফেদেরার জিতবেন, না হারবেন, তা দেখতে আসেননি কেউই। এসেছিলেন ফেদেরারকে শেষবারের মতো কোর্টে দেখতে। এখানেই জয়-পরাজয়ের ঊর্ধ্বে জিতে গেল টেনিস।

ফেদেরারের খেলা উপলক্ষ্যে আয়োজকরা জৌলুশের কমতি রাখেননি। খেলা শেষ হতেই দেখানো হল একটি ভিডিও। সেখানে ফেদেরারকে নিয়ে নিজেদের অনুভূতির কথা বললেন বর্তমান ও প্রাক্তন টেনিস তারকারা। সাবাইকে কাঁদিয়ে বিদায় বেলায় পূর্বসূরি টেনিস তারকাদের কাছ থেকেও ফেদেরার শুনলেন প্রশংসার বাণী। ৬৩ বছর বয়সী সাবেক আমেরিকান টেনিস তারকা জন ম্যাকেনরো বলছেন, ‘আমার দেখা সব থেকে সুন্দর টেনিস খেলোয়াড়।’সাবেক সুইডিশ তারকা বিয়ন বর্গ বলছেন, ‘ইশ, আমি যদি ওর মতো টেনিস খেলতে পারতাম।’

image

ভিডিও শেষে সঞ্চালকের সঙ্গে কথা বলার সময় আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি। কোনো রকমে নিজের কথা শেষ করেই জড়িয়ে ধরলেন স্ত্রীকে। অন্য দিকে তখন ফেদেরারকে সম্মান জানাতে ‘স্টিল ফলিং ফর ইউ’ গাইছেন বিখ্যাত শিল্পী এলি গোল্ডিং। কিন্তু ‘টেনিসের রাজা’ শক্ত করে জড়িয়ে ধরে আছেন স্ত্রীকে। টেনিসের সঙ্গে বিচ্ছেদের কষ্ট ঢাকতে তো মিরকার ভালবাসাকে আঁকড়ে ধরেই বাকি জীবন কাটাতে হবে তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত