মাঠ ভেজা থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি নেমে আসে ৮ ওভারে। শুক্রবার রাতে সেই ম্যাচে ভারতের জয়ের পথে ২০ বলে ৪৬ রান করেন রোহিত শর্মা। ইনিংসে ছিল তার চারটি ছক্কার মার। তাতেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার মালিক হয়ে যান ভারতের অধিনায়ক।
টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের ব্যাট থেকে আসা মোট ছক্কা এখন ১৭৬টি। ১৭২ ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। এ ম্যাচের আগে এতদিন সমান সংখ্যক ছক্কা নিয়ে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন এ দুজন।
এরপরের স্থানটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। টি-টোয়েন্টিতে ১২৪টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান ১২০টি এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১১৯ ছক্কা নিয়ে তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৮ ম্যাচ খেলে রোহিত ৩ হাজার ৬৭৭ রান করেছেন। ৪টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি রয়েছে রোহিতের ঝুলিতে। মোট রানের মধ্যে ১ হাজার ৫৬ এসেছে ছক্কা মেরে। রোহিতের রানের ২৮.৭১ শতাংশই এসেছে ছক্কা থেকে।
