টেবিল টেনিস দিয়ে শুরু ক্রীড়া লেখকদের স্পোর্টস কার্নিভাল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

খেলাধুলার খবর লিখে সময় কাটে যাদের, তারাই নামলেন খেলোয়াড়ের ভূমিকায়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির উদ্যোগে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২২। যেখানে সমিতির শতাধিক সদস্য ৯টি ডিসিপ্লিনের ১২টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেশিয়ামে টেবিল টেনিস ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হয় এবারের এই আসর। প্রধান অতিথি হিসেবে স্পোর্টস কার্নিভালের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি সনৎ বাবলা, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং অন্যান্য সদস্যরা।

image

উদ্বোধনী দিনে টেবিল টেনিসের দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। টেবিল টেনিস একক ইভেন্টে মাহমুদুন্নবী চঞ্চলকে ফাইনালে হারিয়ে শিরোপা জয় করেন রুমেল খান। এই ইভেন্টে তৃতীয় হন মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল।

টেবিল টেনিস দ্বৈত ইভেন্টের ফাইনালে শামীম হাসান-শেখ সাদী জুটিকে হারিয়ে টানা সপ্তমবারের মতো সেরা হয়েছেন রুমেল খান-মাহমুদুন্নবী চঞ্চল জুটি। এই ইভেন্টে তৃতীয় হয়েছে তিতুমীর-মুকুল জুটি।

খেলা পরিচালনা করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সিনিয়র কোচ মোহাম্মদ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত