আফগানদের বদলে তামিলনাড়ুর সঙ্গে খেলবেন মিঠুনরা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ পিএম

সামনেই ভারতের সঙ্গে হোম সিরিজ। তার আগে টেস্ট ক্রিকেটারদের একটু কড়া পরীক্ষায় ফেলে ঝালিয়ে নেওয়াটা যে জরুরি। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা খেলোয়াড়দের খেলা দেখবেন কোচ রাসেল ডমিঙ্গো। এটাই ছিল বিসিবির পরিকল্পনা। কিন্তু বাদ সাধে আফগানদের অর্থাভাব।

অর্থের অভাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড যখন দুবাইতে ‘এ’ দলের সিরিজ স্থগিত করলে বিপাকে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকল্প খুঁজতে ভারতের বেশকিছু রাজ্যদলের শরণাপন্ন হয়েছিলেন বিসিবি কর্তারা, সাড়া মিলেছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে। তামিলনাড়ু রাজ্যদলের বিপক্ষে কিছু ম্যাচ খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাই সংগত কারণেই ‘এ’ দলের বদলে ভিন্ন নামে দল পাঠাবে বিসিবি।

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু। আগামী দু-এক দিনের মধ্যে সূচি চূড়ান্ত হবে। কতটি ম্যাচ হবে, কোন সংস্করণের ম্যাচ হবে, সেগুলো আরও কিছু বিষয় নিষ্পত্তি হওয়ার পর জানা যাবে বলে জানিয়েছেন এই বোর্ড পরিচালক।

এদিকে নেপাল ক্রিকেট বোর্ড থেকেও একটি সফরের আমন্ত্রণ পেয়েছিল বিসিবি। সেখানে একটি দল পাঠানোর ভাবনাও ছিল। তবে জাতীয় লিগের কারণে নেপালে আপাতত কোনো দল পাঠাবে না বিসিবি, ‘ক্রিকেট বোর্ডের একটি একাদশ নেপালে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় জাতীয় লিগ চলবে। বিসিবি একাদশে নেপালে গেলে আমাদের বেশকিছু খেলোয়াড় থাকছে না, যেটা জাতীয় লিগে প্রভাব ফেলবে। সেই কারণে নেপাল আপাতত স্থগিত করা হয়েছে। পরে যদি কখনো সময় সুযোগ হয় তখন যাওয়া যেতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত