শাহজাদপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ এনে মারামারিতে লিপ্ত হয়েছেন কয়েকজন নেতা। গত রবিবার বিকেলে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা ডিগ্রি কলেজ গেটের সামনে এ ঘটনায় একটি মোটরসাইকেল ভাঙচুর ও চারজন আহত হন। আহতদের ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে।
আহতরা হলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চয়ন ইসলামের ব্যক্তিগত সহকারী জমির উদ্দিন (৪০), শাহজাদপুর পৌর ছাত্রলীগের সভাপতি রানা শেখ (২২), পোরজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবু হোসাইন বাবু (৫২) ও মহসিন আলী (৩৪)।
এ ঘটনায় জমির উদ্দিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ করেছেন। অন্যদিকে আবু হোসাইন বাবু চেষ্টা করছেন শাহজাদপুর চৌকি আদালতে মামলা করার।
পোরজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবু হোসাইন বাবু বলেন, জমির উদ্দিন প্রায়ই আমার স্ত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে। ঘটনার সময় আমি এ বিষয়ে কথা বলতে গেলে জমির ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। তারা আমার একটি মোটরসাইকেলও ভাঙচুর করে।
তবে জমির উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি আরও বলেন, আমি ও রানা শেখ জামিরতা ডিগ্রি কলেজ মাঠে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আবু হোসাইন বাবু লোহার পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। তার মোটরসাইকেলটি কে বা কারা ভাঙচুর করেছে তা আমার জানা নেই।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, জমির উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
