রূপায়ণ সিটি উত্তরায় নারী ফুটবল দলের সংবর্ধনা শুরু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৪ পিএম

সাফ শিরোপাজয়ী বাংলাদেশের নারী ফুটবল দলকে রূপায়ণ গ্রুপের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার প্রধান ফটক থেকে নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, উপদেষ্টা আব্দুল গাফফার এবং রূপায়ণ সিটি উত্তরার ম্যানেজিং ডিরেক্টর এম মাহবুবুর রহমান।

এরপর ব্যান্ড বাজিয়ে বিজয় র‍্যালি করে তাদের নিয়ে যাওয়া হয় রূপায়ণ ম্যাজেস্টিক লাউঞ্জে।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং বিশেষ অতিথি হিসেবে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. হাবিব হাসান উপস্থিত রয়েছেন। 

অতিথিরা সাফজয়ী নারীদের হাতে ক্রেস্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩০ লাখ টাকার চেক তুলে দেবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন রূপায়ণ সিটি উত্তরার হেড অব সেলস ডিরেক্টর রেজাউল হক লিমন।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত