যৌন হয়রানি: শাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

যৌন হয়রানির পৃথক তিন অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দু শিক্ষার্থীকে দুই বছর এবং পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। 

বুধবার বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

রেজিস্ট্রা দপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়াই ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবাল তানিনকে দুই বছরের জন্য এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন ও মো. বিশাল আলীকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। 

অফিস আদেশে আরো বলা হয়েছে, বিভিন্ন সময়ে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ শাস্তি দেওয়া হয়েছে। বহিষ্কার থাকাকালীন তারা আবাসিক হলে অবস্থান করতে পারবে না এবং ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত