সুপ্রিম কোর্ট থেকে ছুরিসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তন থেকে তাদের আটক করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিলনায়তনে কেক কাটা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান চলছিল। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আটকের পর সন্ধ্যায় চারজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের নাম ও পরিচয়ের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঘটনার ব্যাখ্যায় অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির দেশ রূপান্তরকে বলেন, অনুষ্ঠানের একপর্যায়ে তিন যুবক ও এক তরুণীকে মিলনায়তনের আশপাশে ঘুরতে দেখা যায়। তাদের একজনের হাতে ছিল একটি ব্যাগ। এ সময় একজন আইনজীবী তাদের পরিচয় এবং এখানে আসার কারণ জানতে চান। তবে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তাদের ব্যাগ তল্লাশি করে ছুরি পাওয়া যায়। সন্দেহ হলে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তিনি বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা। সুপ্রিম কোর্টে একটি অনুষ্ঠান চলছিল, সেখানে কেউ ছুরি নিয়ে যাবে এ ব্যাপারটায় আমাদের সন্দেহ হচ্ছে। এ জন্য তাদের থানায় দেওয়া হয়েছে। এখন পুলিশ তাদের পরিচয় ও ব্যাকগ্রাউন্ড দেখবে।
