পর্বতারোহণে রেকর্ড বাংলাদেশের সালেহীন ও ইমরানের

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৪ পিএম

সম্প্রতি দুই বাংলাদেশি পর্বতারোহী মাত্র  ১০ দিনে হিমালয়ের চারটি পর্বতশৃঙ্গ আরোহণ করে জাতীয় রেকর্ড গড়েছেন। হিমালয়ের পশ্চিম অংশের চারটি শৃঙ্গ আরোহণের রেকর্ড করা দুই যুবক সালেহীন আরশাদী ও ইমরান খান অজিল। তারা দুজনই পর্বত ভিত্তিক অ্যাডভেঞ্চার কমিউনিটি ‘অদ্রি’র সদস্য।

অদ্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সিইও মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ‘গোজায়ান অভিযান লাদাখ’ শিরোনামে পর্বতারোহী জুটি চারটি শৃঙ্গে আরোহণ করেন, যার মধ্যে রয়েছে কাং ইয়াতসে ২ (৬২৫৪ মিটার), জো জঙ্গো ইস্ট (৬২১৪ মি), রিগিওনি মাল্লাই রি ১ (৬১২০ মি) এবং কঙ্গা রি (৫৭৫৫ মি)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অভিযানটি ভারতের উত্তরাঞ্চলের লাদাখে হয়েছিল। যা লিটল তিব্বত নামেও পরিচিত। দলটি ৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে এবং পরের দিন লাদাখের রাজধানী লেহ পৌঁছান। প্রয়োজনীয় পারমিট এবং সাজ সরঞ্জাম সংগ্রহের পর দলটি ৮ সেপ্টেম্বর ট্রেক শুরু করেন। দুই দিন পরে কাং ইয়াতসে ২ বেস ক্যাম্পে পৌঁছায়। ১২ সেপ্টেম্বর মধ্যরাতে তারা আরোহণ শুরু করে এবং দুপুর ১২টা ৮ মিনিটে সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ২৫৪ মিটার উঁচুতে কাং ইয়াতসে ২ এর শীর্ষে পৌঁছাতে সক্ষম হন।

এরপর দলটি তাদের বেস ক্যাম্প রিগিওনি মাল্লাই রি-তে স্থানান্তরিত করে। ১৫ সেপ্টেম্বর মধ্যরাতে তারা সামিটের উদ্দেশে যাত্রা শুরু করে। টানা ১২ ঘণ্টা আরোহণের পর তারা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ১২০ মিটার উঁচু চূড়ায় আরোহণ করেন।

১৯ সেপ্টেম্বর দলটি পাঁচ হাজার ৭৫৫ মিটার উচ্চতার কঙ্গা রিতে আরোহণ করে এবং ২০ সেপ্টেম্বর বিকেল ৫.৪৩ মিনিটে এই জুটি ৬২১৪ মিটার উঁচু জো জঙ্গো ইস্ট চূড়ায় আরোহণ করে অভিযানটি সাফল্যের সঙ্গে শেষ করেন।

শরীফুল ইসলাম বলেন, একক অভিযানে একাধিক উচ্চ শৃঙ্গ আরোহণের এমন নজির বাংলাদেশের প্রেক্ষিতে একটি নতুন মাইলফলক। এই সফলতা ভবিষ্যৎ অভিযানের জন্য একটি উচ্চ মাপকাঠি স্থাপন করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত