নিম্ন-মধ্যবিত্ত সর্বহারা শ্রেণিতে পরিণত হচ্ছে: ডা. ইরান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬ পিএম

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আগে দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ করতো আর এখন জনগনের ভোটে নির্বাচিত সরকার না থাকায় নিত্যপণ্যের বাজার ও সরকারকে কালোবাজারি অসাধু সিন্ডিকেট চক্র নিয়ন্ত্রণ করছে। দেশে ধনী-গরীরের বৈষম্য চরম আকার ধারণ করছে। ধনী আরো ধনী হচ্ছে। আর মধ্যবিত্ত শ্রেণি দ্রব্যমূল্য ও জীবন যাপন ব্যয়বহুল হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি বিলুপ্ত হয়ে সর্বহারা শ্রেণিতে পরিণত হচ্ছে।

তিনি আরো বলেন, দুর্নীতির এখন জাতীয়করণ হয়েছে। সমাজের সর্বস্তরের সেবাখাত অফিস আদালতে ঘুষ-দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। নীতি-নৈতিকতা আজ পদদলিত। রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মহোৎসব চলছে। সৎ ও নিষ্ঠাবানরা আজ চরম অসহায় জীবন যাপন করছে। এভাবে একটা সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চলতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সিভিল প্রশাসনে দুর্নীতির খেসারত গুনছে সাধারণ মানুষ। তাই চলমান অচল অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণিকে ঘুরে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চাল-তেলসহ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।

নগর সাধারণ সম্পাদক হুমাউন কবিরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মানবাধিকার সংরক্ষণ সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, শ্রমিকদল নেতা মাহবুবুল আলম বাদল, ধর্ম সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম সাদি, যুব মিশন সদস্য সচিব সৈকত চৌধুরী, ছাত্র মিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ও সহ-সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ। মিছিলটি তোপখানা রোড থেকে শুরু পল্টনমোড়, সচিবালয় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত