ঈদে মিলাদুন্নবী, শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটি উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ১১ দিন বন্ধ থাকবে।
ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কোন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম হয়নি এই বন্দরটি দিয়ে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে।
ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক খুদরত-ইখুদা-মিলন বলেন, উভয় দেশের আমদারি-রপ্তানিকারক ব্যবসায়ীরা ঈদে মিলাদুন্নবী, শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটি উপলক্ষে যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১০ অক্টোবর সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে।
