সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘দেশের উন্নয়নে প্রবীণদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতে হবে।
আজকের নবীন আগামী দিনের প্রবীণ। নবীন প্রজন্মকে প্রবীণদের পদাঙ্ক অনুসরণ করে দেশের জন্য কাজ করে যেতে হবে। প্রবীণরা দেশ পরিচালনা থেকে শুরু করে সামাজিক কর্মকা- সফলতার সঙ্গে পরিচালনা করেছেন।’
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এমপি বলেন, প্রবীণদের প্রতি সহনশীলতা বাড়াতে সবাইকে আন্তরিক হতে হবে। নবীণ ও প্রবীণদের মেলবন্ধনের মাধ্যমে প্রবীণদের সম্মানজনক জীবন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এর আগে সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
