র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, চারজনকে পিটুনি

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৫:৪২ এএম

মাদারীপুরের রাজৈরে র‌্যাব পরিচয়ে দিনদুপুরে ৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারের চালকসহ চার ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের গিয়াস শেখ ও তার শাশুড়ি মিনারা বেগম উপজেলার টেকেরহাট বন্দরের একটি ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে ভ্যানগাড়িতে করে গ্রামের বাড়ি নারায়ণপুরে যাচ্ছিলেন। পথে উপজেলার বৌলগ্রামে পৌঁছলে র‌্যাব পরিচয়ে কয়েকজন একটি প্রাইভেট কার দিয়ে তাদের গতিরোধ করে এবং ইয়াবা আছে এ কথা বলে ভ্যানযাত্রীদের প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। এ সময় ভ্যানযাত্রীরা চিৎকার করতে থাকেন। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে ধাওয়া দিয়ে কারটিকে উপজেলার কদমবাড়ী বাজারে আটক করে। পরে চালকসহ চার ছিনতাইকারীকে গণধোলাই দেয় স্থানীয় জনতা। উত্তেজিত জনতা প্রাইভেট কারটি ভাঙচুর করে পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে গণপিটুনিতে আহত চার ছিনতাইকারী ও ছিনতাইকারীদের নির্যাতনের শিকার আহত গিয়াস শেখকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আটক চালকসহ চার ছিনতাইকারী হলো আলমগীর খান (৩৫), রাসেল মাতুব্বর (৩৪), জসিম মাতুব্বর (৩০) ও আইয়ুব আলী সরদার (৪৫)। আহত চার ছিনতাইকারীকে পুলিশ পাহারায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, তদন্ত করে ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরার চেষ্টা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত