বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে গতকাল। প্রিয় শিক্ষকদের নিয়ে অনেক শিক্ষার্থীরাই করেছেন স্মৃতিচারণ। পুজোর ছুটি থাকায় সবাইকেই তা পালন করতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ এক শিক্ষার্থী আন্তর্জাতিক পরিসরে গড়লেন অনন্য এক কীর্তি। সেই কীর্তির পর স্কুল জীবনের এক শিক্ষকের সমর্থনের কথা স্মরণ করেন সেই ছাত্রী।
সেই ছাত্রীর নাম ফারিহা ইসলাম তৃষ্ণা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে সিলেটে আজ অভিষেক হয়েছে তার। টাইগ্রেসদের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেকেই পেয়েছেন হ্যাটট্রিক। পঞ্চগড়ের মেয়ে তৃষ্ণার ক্রিকেটার হওয়ার পথ অতটা সহজ ছিল না। সেখানে মেয়েদের ক্রিকেট খেলাটা স্বাভাবিক চোখে দেখা হয় না। তবুও নিজের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকটা হ্যাটট্রিকে স্বরণীয় করে রাখলেন।
অথচ ২০২১ সালের আগে ক্রিকেট সমর্থকদের কাছে তার নামটা একেবারেই ছিল অচেনা। সে বছরের মার্চে বাংলাদেশ গেমসে নীল দলের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। তাতে মাত্র ১৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তারপর থেকেই ছিলেন আলোচনায়। অবশেষে জাতীয় দলের টি-টোয়েন্টি জার্সি গায়ে জড়ানোর সুযোগ এসেছিল গত মাসে। জাহানারা আলমের চোটে বিশ্বকাপ বাছাইপর্বের দলে সুযোগ পেয়েছিলেন তৃষ্ণা। তবে কোনো ম্যাচেই খেলার সুযোগ পাননি। অবশেষে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হলো তার স্মরণীয় এক অভিষেক।
অভিষেকের দিনে হ্যাটট্রিকের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন তৃষ্ণা। সেখানে উঠে এসেছে তার বন্ধুর পথ পাড়ি দেওয়ার প্রসঙ্গটিও। জানালেন কাদের সমর্থনে আজকের এই জায়গায় তিনি।
তৃষ্ণা বলেছেন, ‘পঞ্চগড়ে ক্রিকেট খেলাটা অনেক কঠিন। সেখানে ছেলেদের তুলনায় মেয়েদের কিছুই নেই বলতে গেলে। যেমন আমাদের গ্রাউন্ড আছে ঠিকই কিন্তু অনুশীলন হচ্ছে না। তবে বাবা মায়ের অনেক সমর্থন পেয়েছি। তাছাড়া আমার স্কুল টিচার আমিন উদ্দিন স্যারের সহযোগিতা পেয়েছি। বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকের জন্যই মূলত ক্রিকেটে আজকের এই জায়গায় আসতে পেরেছি।’
পঞ্চগড় থেকেই উঠে এসেছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। তিনিও বাঁহাতি। শরিফুলের এই যাত্রাপথ যতটা সহজ, তার চেয়ে বেশি বন্ধুর ছিল তৃষ্ণার জন্য। সেটা জানিয়েছেন সংবাদ সম্মেলনে। তবে ক্রিকেটার হওয়ার আগে তৃষ্ণা জানতেন না শরিফুলও তার এলাকারই ছেলে।
এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে আসতে তৃষ্ণা বলেন, ‘শরিফুল ভাইয়া যে পঞ্চগড়ের সেটা আমি জানতাম না। উনার সঙ্গে পরিচয় অনেক পরে। জাতীয় দলে আসার পর জানতে পারি।’
