আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও গাড়ি ও সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর। এই জন্য ১২২৬ কোটি টাকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (ফিন্যান্স অ্যান্ড বাজেট) আতিকুর রহমান মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে সম্প্রতি একটি চিঠি দেন বলে পুলিশ সূত্র জানায়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর যেসব দাঙ্গাদমনসামগ্রী ও অপারেশনালসামগ্রী রয়েছে তা নিতান্তই অপ্রতুল। দাঙ্গাদমনসামগ্রী ও অপারেশনালসামগ্রী পুলিশে যুক্ত না হলে আগামী নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া দুরূহ হবে। প্রয়োজনীয় দাঙ্গাদমনসামগ্রী ও অপারেশনালসামগ্রী পুলিশে যুক্ত না হলে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তাও বিঘিœত হবে।
চিঠিতে গাড়ি ছাড়াও পুলিশের জন্য অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য ১৫৮ কোটি ৭ লাখ, ৭৭ কোটি ৫০ লাখ টাকার নিরাপত্তাসামগ্রী, ১২ কোটি টাকার তথ্যপ্রযুক্তি যন্ত্রপাতি, ৪৪ লাখ টাকার কম্পিউটার ও আনুষঙ্গিক জিনিসপত্র, ৭ কোটি টাকার কম্পিউটার সফটওয়্যার, ২০৪ কোটি ৮০ লাখ টাকার পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনতে ৫৪০ কোটি টাকাসহ মোট ১২২৫ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৬১০ টাকা চেয়েছে।
