সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অকেজো লিফটের ভেতর থেকে মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডলের (৮৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাসপাতালের অব্যবহৃত লিফটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, রোববার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজের একটি অব্যবহৃত লিফটের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে সেখান থেকে গলিত লাশ উদ্ধার করা হয়।
মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আরও জানান, লিফটি তিনমাস ধরে অকেজো এখান থেকে কিছু হলো কিনা এবং প্রতিবেশীর সঙ্গে বিরোধ। এই দুটি ক্লু গুরুত্ব দিয়ে তদন্ত কাজ পরিচালনা করা হচ্ছে। তবে অন্যান্য বিষয়গুলোকেও খতিয়ে দেখবে পুলিশ। সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতুর রহস্য উদঘাটন করতে সহজ হবে বলে তিনি জানান।
নিহতের নাতি ইমরান হোসেন জানান, গত মঙ্গলবার (৪ অক্টোবর) সৈয়দ আলী মন্ডল সাতক্ষীরা সদর হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। তারপর ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ থাকায় বুধবার সদর থানায় একটি জিডি করা হয়েছিল।
