নভেম্বরেই কাতারে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তার আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ। চোটে পড়েছেন ফরোয়ার্ড পাওলো দিবালা। তাতে এ বছরের পুরোটাই মাঠের বাইরে থাকতে হতে পারে। জোসে মরিনিওর অনুমান সত্যি হলে, বিশ্বকাপে আর খেলা হবে না তার।
২৮ বছর বয়সী দিবালা অদ্ভুতুড়ে চোটে পড়েছেন সিরি ‘আ’তে লিসের বিপক্ষে রোমা ২-১ গোলে জেতা ম্যাচে। রবিবার রাতে ৬ মিনিটেই পিছিয়ে পড়া রোমা ৩৯ মিনিটে সমতায় ফেরে। এরপর ৪৮ মিনিটে পেনাল্টি পায় রোমা। বাঁ পায়ের পেনাল্টি শটে জয়সূচক গোল করলেন, কিন্তু উদ্যাপন আর করতে পারলেন না পাওলো দিবালা। শট নিতে গিয়ে টান পড়েছে বাঁ ঊরুর পেশিতে। পা যেন আর নাড়াতেই পারছেন না। ব্যথায় কাতরাতে থাকা দিবালা খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেলেন মাঠ থেকে।
আর খেলতে পারবেন না বুঝে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে যান বেঞ্চের দিকে। দ্রুতই তাঁর বাঁ ঊরুতে বরফের ব্যাগ লাগিয়ে দেওয়া হয়। দিবালার চোখ তখন ছলছল। চোট যে কতটা তীব্র, সেটি হয়তো তখনই বুঝে গিয়েছিলেন। ম্যাচ শেষে রোমার কোচ মরিনিও বলেন, ‘সাধারণভাবে বললে, অবস্থা খারাপ। এটা আসলে খুবই খারাপ। আমি চিকিৎসক নই। তবে আমার যে অভিজ্ঞতা আর দিবালার কাছে যা শুনেছি, মনে হচ্ছে এ বছর আর তাকে মাঠে দেখা যাবে না।’
ছয় সপ্তাহ পর কাতারে বিশ্বকাপ। চলতি মাসের শেষ দিকে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির। দিবালা না খেলতে পারলে দল গোছানোর পরিকল্পনা বদলাতে হবে তাঁকে।
