৪ প্রার্থীর সংবাদ সম্মেলন

জেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত করার দাবি

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১২:২৭ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের (আখাউড়া উপজেলা) নির্বাচনকে প্রভাবমুক্ত করার দাবিতে চারজন সদস্য পদপ্রার্থী সংবাদ সম্মেলন করেছেন।

গতকাল সোমবার দুপুরে আখাউড়ার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন সদস্য প্রার্র্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ভূঁইয়া, যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা খন্দকার মোস্তাক আহমেদ, আওয়ামী লীগ সমর্থক মো. ইয়াসিন মিয়া।

লিখিত বক্তব্যে সদস্য প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল কাজল ও তার অনুসারীরা ভোটকেন্দ্র দখল করে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ষড়যন্ত্র করছে। তারা ওই প্রার্থীকে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিচ্ছেন। কোনো কোনো ভোটারকে ভোটদানের প্রমাণস্বরূপ মোবাইলে ছবি তুলে আনতে বলছেন। এতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। ভোটাররা যাতে নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান প্রার্থীরা।

এ ব্যাপারে জানতে চাইলে তাকজিল কাজল বলেন, ‘আমি একজন ভোটার হিসেবে আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের পক্ষে ভোট চাইতে পারি। ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ মিথ্যা। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এসব অভিযোগ করছেন।’

১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত