ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে দুলাল মৃধা (২৪) নামে একজনকে আসামি করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার বড়ইয়া ইউনিয়নের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে লেখাপড়া করে।
অভিযুক্ত দুলাল মৃধা উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মো. হামেদ মৃধার ছেলে।
মামলা বিবরণে জানা গেছে, গত ৫ অক্টোবর বিকাল তিনটার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী নিজেদের পালিত ছাগলের জন্য বাড়ির অদূরে গাছের পাতা সংগ্রহ করতে গেলে স্থানীয় দুলাল মৃধা শিশুটিকে একা পেয়ে পাশেই একটি নির্মাণাধীন ভবনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনাটি জানায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য বুধবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
