বিএনপির বিরুদ্ধে ডাকা সমাবেশ রূপ নিল আ.লীগ এমপির সমালোচনায়

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৯:১৯ পিএম

বর্তমান সরকারের ১৩ বছরের উন্নয়নের সফলতা ও বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে করা আওয়ামী লীগের সমাবেশ অবশেষে রূপ নিল নিজ দলের সংসদ সদস্যের সমালোচনায়। 

বুধবার (১২ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা শহরের প্রাণকেন্দ্র মোখতার ফোয়ারা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তারা সমাবেশে নিজ দলের স্থানীয় সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধেই বিষোদগার করেন বেশি। ওই সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ১০ হাজার নেতাকর্মীর সমাগম ঘটে বলে আওয়ামী লীগ নেতারা দাবি করেন। 

তবে ওই সমাবেশে স্থানীয় সংসদ সদস্যের অনুসারীদের কাউকে দেখা যায়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতিকুর রহমান বুলবুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী বাদল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর্জা শরীফ প্রমুখ।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, গত ১ অক্টোবর স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলামের পছন্দের লোকজন নিয়ে উপজেলা, শহর ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের তিন ইউনিটের কমিটি ঘোষণা হয়। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ সমাবেশ করে। এদিকে সংসদ সদস্যের অনুসারীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করে। 

দুপক্ষের পাল্টাপাল্টি মিছিল-সমাবেশের কারণে সখীপুরে অচলাবস্থার সৃষ্টি হয়। 

এ পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগ গত ৫ অক্টোবর দলীয় সভা ডেকে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানিয়ে তিন দিনের সময় বেঁধে দেন। বেঁধে দেওয়া সময় পার হলেও কমিটি বাতিল না হওয়ায় সংসদ সদস্যের বিরুদ্ধে বুধবারের এ সমাবেশের আয়োজন করা হয়। 

যদিও হিসেবে আওয়ামী লীগ সরকারের ১৩ বছরের উন্নয়নের সফলতা ও বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে এ সমাবেশ আয়োজনের কথা বলা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় সমাবেশে স্থানীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, আপনার আত্মীয়-স্বজন ও বিতর্কিত লোকদের নিয়ে ছাত্রলীগের যে ‘প্যাড কমিটি’ ঘোষণা করেছেন তা বাতিল না হওয়া পর্যন্ত আমাদের  আন্দোলন চলবে।

বক্তারা সবাই স্থানীয় সংসদ সদস্যের গত চার বছরের নানা কর্মকাণ্ডের সমালোচনা ও বিষোদগার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত