আবারও দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন ২ হাজার কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে দেশটি।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে।
সমুদ্রের উপর দিয়ে ২ হাজার কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র দুটি।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া।
চলতি মাসের শুরুতে জাপানের ভূখণ্ডের উপর দিয়ে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। উত্তর-পূর্ব জাপান অতিক্রম করে ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।
উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ‘জবাবে’ জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আমেরিকা এবং তাদের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া।
আমেরিকার বিরুদ্ধে কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করে পিয়ংইয়ং জানিয়েছে, তাদের সৈন্যবাহিনী পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত।
