হিন্দুত্ববিরোধী বিজ্ঞাপন এড়িয়ে চলার জন্য বলিউডের শক্তিমান অভিনেতা আমির খানকে অনুরোধ করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
তিনি বলেছেন, হিন্দুত্ববিরোধী বিজ্ঞাপন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। আমির খান একটি ব্যাংকের বিজ্ঞাপন করেছেন। তা বর্তমানে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন স্থানে। এই বিজ্ঞাপন ডানপন্থি হিন্দুদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন আমির খান এবং অভিনেত্রী কিয়েরা আদভানি। এতে হিন্দু ধর্মীয় রীতিতে অনুষ্ঠিত একটি বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি হিসেবে অংশ নিতে তাদেরকে দেখানো হয়েছে। কিন্তু সমালোচকরা অভিযোগ করেছেন এই বিজ্ঞাপনে হিন্দু রীতি এবং সংস্কৃতিকে আঘাত করা হয়েছে।
আমির খানের সর্বশেষ এই বিজ্ঞাপনে তাকে দেখানো হয় যে, বিয়ের পর তার প্রথম পদক্ষেপ হচ্ছে কনের বাড়িতে। অর্থাৎ তিনি কনের বাড়ি গিয়ে উঠেছেন। কিন্তু হিন্দু রীতিতে বিয়ের পর কনে গিয়ে ওঠেন বরের বাড়িতে।
কোনো কোনো ব্যক্তি একে লিঙ্গগত আদর্শের বিপরীত বলে আখ্যায়িত করে একে ‘ব্রিলিয়ান্ট’ বলে অভিহিত করেছেন। টুইটারে একজন লিখেছেন, এই বিজ্ঞাপনে আমাদের মেয়েদের প্রতি শ্রদ্ধা, ভালবাসা দেখানো হয়েছে। দেখানো হয়েছে ছেলেদের থেকে তাদের অধিকারে কোনো পার্থক্য নেই। কিন্তু অন্যরা একে বাঁকা চোখে নিয়েছেন।
তারা বলেছেন, এর মাধ্যমে হিন্দুত্ববাদী রীতি এবং প্রথার সঙ্গে মস্করা ও অবমাননা করা হয়েছে। এক্ষেত্রে মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, অভিযোগ পাওয়ার পর তিনি এই বিজ্ঞাপন দেখেছেন। পরে সাংবাদিকদের বলেছেন, ভারতীয় রীতি ও প্রথার বিষয় মাথায় রেখে তাকে (আমির খান) আমি এ জাতীয় বিজ্ঞাপন না করতে অনুরোধ করছি।
আমির খানের বিরুদ্ধে এমন অভিযোগ এটাই প্রথম নয়। ডানপন্থিদের ট্রলিংয়ের শিকার হয়ে এবং আমির খানের ২০১৫ সালের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর তার সর্বশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ অনলাইন প্রচারণায় বর্জনের শিকার হয়েছে। ২০১৫ সালে আমির খান ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এসব নিয়ে সমালোচার পর ই-কমার্স প্লাটফর্ম স্ন্যাপডিল আমির খানকে তাদের ব্রান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয়। তারপর থেকে আমির খান তার অবস্থান পরিষ্কার করছেন। প্রকাশ্যে জোর দিয়ে বলছেন, তিনি ভারতকে ভালবাসেন।
ওদিকে নরোত্তম মিশ্রও বলিউডকে বিভিন্ন রকম সতর্কতা ও সাজেশন দিয়ে ঘন ঘন কথা বলেছেন।
