অবমুক্ত দৃক মিউজিক্যাল ফিল্ম এর দ্বিতীয় পর্ব, মাঠে নামবে রহস্যভেদী গোয়েন্দা

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০:২০ পিএম

'এমন কাজ এর আগে বাংলাদেশের ব্যান্ড মিউজিকে অন্তত হয়নি। বিদেশে হয়েছে। তবে বাংলাদেশে বা বাঙলা ভাষায় এটা হয়নি- এ বিষয়টি নিশ্চিত বলতে পারি। বাংলাদেশে ব্যান্ড মিউজিকে অনেক বড় বড় কাজ হয়েছে, তবে এমন কাজ এটাই প্রথম। মিউজিক্যাল ফিল্ম এর ধারণা অনেক পুরনো। তবে এ ধরনের মিউজিক্যাল ফিল্ম- এমনটা আগে কেউ ভেবেছে বলে আমার জানা নেই।' 

দৃক মিউজিক্যাল ফিল্ম এর ব্যাপারে এভাবেই নিজের ও ব্যান্ডের ভাবনার কথা বলছিলেন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের শীর্ষস্থানীয় ব্যান্ড দৃক এর মুখপাত্র ও ড্রামার হাসিবুল হোসেন উপল। আজ ১৩ নভেম্বর রাত ৯টায় অবমুক্ত হয়েছে দৃক মিউজিক্যাল ফিল্ম এর দ্বিতীয় ভাগ। শিরোনাম 'অমৃত অন্ধকার'। তিন পর্বের এই মার্ডার হিস্ট্রির প্রথম পর্বটির নাম ছিল 'রং আলোড়ন'।

উপল বলেন, এটা একটা গল্প-গান, তিন ভাগে বলা। প্রথম পর্বটি প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর। শিরোনাম ছিল 'রং আলোড়ন'। দ্বিতীয় ভাগটি আজ অবমুক্ত হলো, শিরোনাম 'অমৃত অন্ধকার' আর তৃতীয়টি শিগগিরই আসবে...নভেম্বরের যেকোনো একদিন। তবে রহস্য জমিয়ে রাখার জন্য ওইটির শিরোনাম বলব না।'



'গল্প একটিই। মার্ডার হিস্ট্রি।' বলেন উপল। 'একজন নারী চিত্রশিল্পী পোট্রেট আঁকেন। যার প্রোট্রেট আঁকেন, তার পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। এভাবে অনেকেই নিখোঁজ হয়ে যাবার পর সবার টনক নড়ে। এর পর রহস্য উদঘাটনে নামের একজন রহস্যভেদী গোয়েন্দা। এর পর ধীরে ধীরে রহস্যের জট খোলে এবং ধরা পড়েন সেই হত্যাকারী নারী।- এটাই গল্প। আর এটাই তিন পর্বের মিউজিক্যাল ফিল্ম।'

'হঠাৎ করেই এই ভাবনাটি মাথায় আসে।' কিভাবে এমন একটা নতুন এবং বেশ শক্ত আইডিয়া মাথায় এলো এ প্রসঙ্গে বলতে গিয়ে উপল বলেন, 'প্রথমে বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে বিস্তর আলোচনা করি। এর সম্ভাবনা কতটুকু, আদৌ আমরা এমন একটি প্রজেক্ট করতে পারব কিনা- এসব নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত নতুন এই কাজটি করার জন্য সবাই একমত হই। এর পর আমরা এই বিষয়টি নিয়ে আমাদের প্রিয় মানুষ ইকবাল আসিফ জুয়েল এর শরণ নিই। তিনি আমাদের পিঠ চাপড়ে দেন এবং বলেন- এমন একটা নতুন ধরনের কাজ করা যেতেই পারে। যদিও এ ধরনের কাজে অনেক চ্যালেঞ্জ, তবুও কাজটা আমরা করতে পারব বলে অভয় দেন তিনি। দৃক এর সকল সদস্যের বলিষ্ঠভাবে এগিয়ে আসা, ইকবাল আসিফ জুয়েল এর পাশে থাকা এবং ফ্লঅইবট স্টুডিওস ও তাজদীন হাসান এর ঐকান্তিক সহযোগিতায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখল দারাজ প্রেজেন্টস দৃক মিউজিক্যাল ফিল্ম।'

'জুয়েল ভাই এর ব্যাপারে শুধু একটা কথাই বলা যায়- তিনি না থাকলে বোধহয় এমন একটি প্রজেক্ট আমরা নামাতে পারতাম না।' বলে চলেন উপল। 'তার সাপোর্ট এই প্রোজেক্টটিকে আলোর মুখ দেখিয়েছে। তিনি নিরলস খেটেছেন এই কাজটি নামানোর জন্য। আমরা এবং দৃক পরিবার তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। শুধু দৃক পরিবার নয়- এ কাজের জন্য পুরো ব্যান্ড মিউজিক সোসাইটি তার কাছে কৃতজ্ঞ।'

image

শেষ পর্বটি অর্থাৎ রহস্য উন্মোচন পর্বটি কবে আসবে জানতে চাইলে উপল বলেন, 'শিগগিরই। বলতে পারেন আমাদের কাজ প্রায় শেষ। সামনে বা নভেম্বরের যেকোনো দিন শেষ পর্বটি রিলিজ করব। তবে নাম বলছি না। ওটা কদিন পর জানাব।'

'প্রথম পর্বটির জন্য অসাধারণ রেসপন্স পেয়েছি। আজ যেটা অবমুক্ত হলো সেটার ব্যাপারে হয়তো কিছুদিন পর জানা যাবে। তবে আমরা আশাবাদী। সবচেয়ে বড় কথা- এমন একটি কাজের সাথে যুক্ত থাকতে পেরে দৃক আনন্দিত, সন্তুষ্ট। শ্রোতা-দর্শকরা সব সময়ই দৃককে ভালোবেসেছেন। আশা করছি- এবারো তার কোনো ঘাটতি হবে না।'
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত