কুষ্টিয়ার কুমারখালীতে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় আবদুল্লাহ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর উত্তরপাড়া বড় পুলের ওপর এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থী আবদুল্লাহ শিলাইদহ ইউনিয়নের জোরালপুর গ্রামের তোতন শেখের ছেলে। শিলাইদহ খোরশেদ মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার এসএসসি পরীক্ষার্থী।
আবদুল্লাহ জানায়, গত বুধবার ভোকেশনাল শাখার প্রাকটিক্যাল পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আলাউদ্দিন নগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জনি ও রবিনসহ বেশ কয়েকজন তাদের খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নারী পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করে। এ সময় আবদুল্লাহ শিক্ষকদের কাছে গিয়ে নালিশ করলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বিষয়টি নিরসন করেন। গতকাল ভোকেশনালের শেষ প্রাকটিক্যাল পরীক্ষা দিয়ে আবদুল্লাহসহ কয়েকজন পরীক্ষার্থী অটোরিকশায় বাড়ি ফেরার পথে জনি, রবিন ও রাব্বিসহ বেশ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।
