কবীর সুমনের গানের অনুষ্ঠানের জন্য নতুন ভেন্যু খুঁজছেন আয়োজকরা

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১২:২৬ পিএম

জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নতুন জায়গা খুঁজছেন আয়োজকরা। আয়োজক প্রতিষ্ঠান পিপহোলের কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ সংবাদ মাধ্যমকে বলেছেন, আজ শুক্রবার দুপুরের মধ্যেই ‘কোনো খবর’ তারা দিতে পারবেন বলে আশা করছেন। 

তিনি বলেন, ‘আমাদেরকে ৩/৪ ঘণ্টা সময় দিন। এরপর সবাইকে জানিয়ে দেব। আমরা কবীর সুমনের অনুষ্ঠানটি করতে চাই। সবার সহযোগিতা চাই’।

শনিবার থেকে তিন দিনের আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছান ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী কবীর সুমন। ঢাকায় ১৩ বছর পর সুমনের গানের আয়োজন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছে তুমুল আগ্রহ।

সূচি অনুযায়ী, ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আধুনিক বাংলা গান গাওয়ার কথা ছিল সুমনের। ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল পরিবেশনার পর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করার কথা ছিল।

তিন দিনের এই অনুষ্ঠানের টিকেট বিক্রি হয়েছে আগেই। বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান পিপহোল বলেছিল, তাদের সব প্রস্তুতি চূড়ান্ত। বিদেশি শিল্পীকে নিয়ে এই আয়োজনের সব অনুমতিই নেওয়া আছে।

কিন্তু ঢাকা মহানগর পুলিশ সায় না দেওয়ায় জাদুঘরে এই গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়।

ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় জাদুঘর একটি কেপিআই, কেপিআইয়ের ভেতর জনসমাবেশ বা এধরনের কোনো অনুষ্ঠান করার সুযোগ নেই’।

আয়োজকরা বৃহস্পতিবারও জাদুঘরের আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, জাতীয় জাদুঘর কর্তৃপক্ষও বলছিল, অনুষ্ঠানটি তাদের মিলনায়তনে হচ্ছে। কিন্তু পুলিশের ভাষ্য আসার পর নতুন ভেন্যু ‍খুঁজতে শুরু করে পিপহোল।

জানা গেছে, পিপহোলের পক্ষ থেকে বিকল্প কয়েকটি ভেন্যুতে খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনেও গিয়েছিলেন বরাদ্দের বিষয়ে কথা বলতে। তবে ভেন্যু বরাদ্দের বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, এর আগেরবারও কবীর সুমনের গানের অনুষ্ঠানের ভেন্যু নিয়ে সমস্যা হয়েছিল। কবীর সুমন শেষবার ঢাকায় এসেছিলেন ২০০৯ সালের অক্টোবরে। তখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গান পরিবেশনে বাধা পেয়ে কলকাতায় ফিরেছিলেন। মধ্যে এক যুগ কেটে গেলেও আর ঢাকায় আসেননি তিনি। এক সাক্ষাৎকারে অভিমানের সুরে বলেছিলেন, বাংলাদেশে আর কখনও আসবেন না তিনি।

বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তিতে পিপহোল ঢাকায় ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ৩০ বছর আগে এই অ্যালবামের মাধ্যমেই বাংলা গানের জগতে এক নতুন ধারার সূচনা হয়। সেই ধারারা পুরোধা সুমন ১৩ বছর পর ঢাকায় এসেছেন, ফলে বাংলাদেশে তার অগুনতি ভক্তদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত