ট্রাকের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৫:২৬ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাকের ধাক্কায় অর্পন বড়ুয়া (২৫) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্পন বড়ুয়া পটিয়া উপজেলার কেলিশহর এলাকার মৃত জাপান বড়ুয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,অর্পন বড়ুয়া বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত