হত্যা মামলার আসামিদের গুলিতে সাক্ষী আহত

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৭:৪৩ পিএম

নরসিংদীতে হত্যা মামলায় সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়েছেন সজিব মিয়া (৩০)।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পাঁচদোনায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে আহত সজিব মিয়া সদর উপজেলার আসমান্দিরচর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি শিবপুরের আলোচিত আরিফ পাঠান হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন।

আহতের স্বজনরা জানান, শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদ যাচ্ছিলেন সজিব। পথিমধ্যে পাঁচদোনা স্কুলের সামনে পৌঁছলে দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই ওৎ পেতে থাকা হত্যা মামলার প্রধান আসামি টিটু, আসামি মাসুদ এবং পলাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী সজিবের ওপর হামলা চালায়। এসময় সে দৌঁড়ে পালাতে থাকলে গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসরিফা আমরিন হক অন্তরা জানায়, দুপুরে সজিব মিয়া নামে ওই রোগী হাসপাতালের জরুরি বিভাগে আসার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে গুলির কথা উল্লেখ করা হলেও আমরা নিশ্চিত নই। আঘাতের কারণ নির্ণয় এবং উন্নতি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আল-আমিন বলেন, হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের পহেলা এপ্রিল সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শিবপুরের পুটিয়া ইউনিয়নের তৎকালীন ইউপি সদস্য আরিফ হোসেন পাঠান। তার ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় টিটু, মাসুদ এবং পলাশসহ অন্যান্যদের আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় অন্যতম সাক্ষী করা হয় গুলিতে আহত সজিব মিয়াকে। এ মামলায় গত ১১ অক্টোবর ছিল  আদালতে চূড়ান্ত সাক্ষ্য গ্রহণ। আসামিপক্ষ সজিবকে সাক্ষী না দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। সজিব তাদের হুমকি উপেক্ষা করে আদালতে সাক্ষ্য দেন আর হুমকির ঘটনায় মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত