গাজীপুরে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিদের মধ্যে আতিকুল ইসলাম মিঠু (২৫) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. সাইফুর রহমান জানান, মিঠুর শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। দগ্ধ বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে আল আমিনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মিঠুর বড় ভাই মো. ইমন জানান, তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। বাবা ফজলু মিয়া মারা গেছেন। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে গাজীপুরে থাকতেন মিঠু। একটি সিএনজি ফিলিং স্টেশনে প্রকৌশলী হিসেবে কাজ করতেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজি ওয়াহিদ ফিলিং স্টেশনে একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ হয়। এতে পাঁচজন দগ্ধ হন। পরে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ অন্য চারজন হলেন আনোয়ারুল ইসলাম, আল আমিন, সিরাজুল ইসলাম টুটুল ও পারভেজ।
আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আল আমিন গাছা এলাকার ‘ফাহিম বয়লার’ নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করেন। একটি কাভার্ড ভ্যান নিয়ে ওই ফিলিং স্টেশনে যান। ভ্যানে দেড়শ খালি গ্যাস সিলিন্ডার ছিল। সেগুলোতেই গ্যাস নেওয়ার কথা ছিল।
