কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝি নিহত হয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের ১৮/এ ব্লকে এ ঘটনা ঘটে। এর মধ্যে সন্ধ্যা ছয়টায় ব্লক মাঝি মৌলভী ইউনুছ ও রাত নয়টার দিকে হেড মাঝি আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন।
এএসপি ফারুক জানান, উখিয়ার বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের ১৮নং ব্লকে ১৫/২০ জনের একদল দুষ্কৃতিকারী ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও ব্লক মাঝি মৌলভী মো. ইউনুসের ওপর হামলা চালায়। এসময় মাঝিরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেছিল। দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের উদ্ধার করে দু'জনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রাত নয়টার দিকে হেড মাঝি আনোয়ারকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওই পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
