কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যা করে পালাল স্বামী

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:৫০ এএম

ঢাকার কেরানীগঞ্জে চঞ্চলা বিশ্বাস নামে এক নারীকে হত্যা করে লাশ ঘরে রেখেই পালিয়েছে স্বামী। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন মডেল টাউন এলাকায় জনি ব্যাপারীর বাড়ির ৮ তলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত চঞ্চলা মডেল টাউন এলাকার টাইমস কিন্ডারগার্টেন স্কুলের সাবেক শিক্ষিকা ছিলেন। তার স্বামীর নাম বিপ্লব। বিপ্লব একজন ওষুধ ব্যবসায়ী। নিহত চঞ্চলার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দির মাশালিয়া। তার বাবার নাম সুবল বিশ্বাস।

বাড়ির কেয়ারটেকার নুর ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো ভাড়াটিয়া বিপ্লব ওষুধের ব্যাগ নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে গেট দিয়ে বেরিয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আজকে একটু তাড়াতাড়ি কেন। তিনি কোনো উত্তর না দিয়েই দ্রুত চলে যান। পরে দুপুরের দিকে একজন মহিলা এসে আমাকে বলে আট তলার ভাড়াটিয়ার স্বামী তাকে ফোন করে জানিয়েছে ঘরে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনা বাড়ির মালিকে জানালে তিনি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। আমরা ফ্ল্যাটের ভেতর থেকে বেশ কিছু আলামত ও একটি চিরকুট উদ্ধার করেছি, যাতে প্রতীয়মান হয় স্বামী স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। এছাড়াও এলাকার কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত