শেষ আশ্বিনে এসে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে প্রকৃতি জানান দিচ্ছে শীত আসছে। ইতিমধ্যে শীতের নমুনাও শুরু হয়ে গেছে এই অঞ্চলে।
রাতভর মাঝারি কুয়াশা আর সূর্যোদয়ের পরও গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীত আসছে।
কুয়াশার কারণে সূর্যোদয়ের অনেক পর পর্যন্ত সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল শুরু করেছে। কমতে শুরু করেছে রাত ও দিনের তাপমাত্রা।
দিনে রোদ থাকলেও এখন আর প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে না। আর সন্ধ্যার পর থেকেই বন্ধ রাখতে হচ্ছে ফ্যানের সুইচ।
আগামী এক সপ্তাহের মধ্যে পুরো শীতের আমেজ শুরু হয়ে যাবে এই অঞ্চলে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল শনিবার ভোর রাত থেকেই মাঝারি কুয়াশার চাদর ঢেকে ছিল পঞ্চগড়সহ উত্তরের জনপদ।

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়সহ রংপুর বিভাগের কয়েকটি জেলায় গত কয়েক দিন ধরেই ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা ঝরছে। সাধারণত কার্তিকের শুরু থেকে এই অঞ্চলে শীত শুরু হলেও গত সপ্তাহে কয়েক দফা বৃষ্টির পর একটু আগেভাগেই এবার এবার শীতের আগমনী বার্তা লক্ষ করা যাচ্ছে।
মেঘাচ্ছন্ন আকাশে সারা দিন রোদ থাকলেও সন্ধ্যার পর থেকেই শীতল হাওয়ার কারণে এসি-ফ্যানের সুইচ অফ রাখতে হচ্ছে। আর মধ্যরাতের পর গায়ে জড়াতে হচ্ছে কাঁথা-কম্বল।
শীতের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে শীতের সম্বল লেপ-তোশক তৈরি শুরু করে দিয়েছেন উচ্চ ও মধ্যবিত্তরা। অনেকে পুরাতন লেপ-তোশক খুলে নতুন করে তৈরি করে নিচ্ছেন। শীতের শুরুতেই বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন লেপ তৈরির কারিগররা। একেকজন কারিগর প্রতিদিন গড়ে ১০/১৫টি করে লেপ সেলাই করছেন বলে জেলা শহরের কদমতলা রোডের তুলা ব্যবসায়ী কেরামত জানান।
তিনি জানান, তুলা ও কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় এবার লেপের দামও অনেক বৃদ্ধি পেয়েছে। তার পর উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের লোকজন আগেভাগেই লেপ সেলাই করছেন। কেউবা আবার পুরোনো লেপ নতুন করে সেলাই করে নিচ্ছেন।
বাংলাদেশের সবচেয়ে বেশি শীত প্রবণ জেলা পঞ্চগড়। হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ায় দেশের অন্যান্য জেলার চেয়ে এখানে শীতের তীব্রতা প্রতিবছরই বেশি থাকে। শীত মৌসুমের দেশের মধ্যে বেশির ভাগ দিনই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আকাশে এখনো মেঘ রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মেঘ কেটে গেলেই শুরু হয়ে যাবে পুরো শীত মৌসুম।
