অবশেষে না-ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ। আজ রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দুপুর ২টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন মাসুম আজিজের ছেলে অভিনেতা উৎস।
তিনি বলেন, 'বাবার মরদেহ কাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নেওয়া হবে পাবনার গ্রামের বাড়িতে। সেখানেই দাফন হবে।'
মাসুম আজিজের মরদেহ আজ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সবার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। দ্রুতই চিকিৎসা শুরু করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত কেমোথেরাপি ও রেডিও থেরাপি চালিয়ে যান।
