সাফজয়ী খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পাঁচ নারী ফুটবলার ও সহকারী কোচকে সোমবার (১৭ অক্টোবর) সকালে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। তাদের নিয়ে শহর প্রদক্ষিণ করা হয় ছাদখোলা জিপে। বিপুল জনতা তাদের হাত নেড়ে অভিবাদন জানায়।
পরে জেলা পরিষদ প্রাঙ্গনে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তিনি নারী ফুটবলার খাগড়াছড়ির মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনী, রাঙ্গামাটির ঋতুপর্ণা চাকমা ও রূপনা চাকমা এবং সহকারী কোচ তৃঞ্চা চাকমাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেককে দুই লাখ এক হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী খাগড়াছড়ির তিন ফুটবলারের বাড়িতে যাওয়ার ব্রিজ ও সড়ক নির্মাণে ৪ কোটি টাকা এবং নারী খেলোয়াড়দের জন্য ২ কোটি টাকায় আবাসিক হোস্টেল নির্মাণের ঘোষণা দেন।
অনুষ্ঠানে এ ছাড়া বক্তব্য রাখেন তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী প্রমুখ।
এদিকে সোমবার জেলা প্রশাসন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সাফজয়ী নারী ফুটবলারদের গল্প শোনানোর আয়োজন করা হয়। খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই শ ছাত্রী বিজয়ী নারীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছে।
জেলা শিশু একাডেমি হলরুমে গল্প শোনার আয়োজনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি দীপান্বিতা বিশ্বাস, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. নাইমুল হক।
