বিশ্বজিৎ হত্যা মামলার আসামি ১০ বছর পর গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৭:১৫ পিএম

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে (৩৪) ১০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-২। 

রবিবার বিকেলে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশাররফ হত্যায় সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। 

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় সূত্রাপুর থানায় দায়েরকৃত হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ওই মামলায় ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 

গ্রেপ্তার মোশাররফ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও  পলাতক ছিলেন। পরে ২০১৭ সালে হাইকোর্ট ওই মামলায় মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহর (৩৪) যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মোশাররফ পলাতক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত