জামিনে বেরিয়ে হত্যার আসামি গড়ে তোলেন অপহরণ চক্র

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৩:৩৯ পিএম

হত্যা মামলার প্রধান আসামি সাকিব হোসেন সম্প্রতি জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়েছেন। এবার তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র অপহরণের পর ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিচ্ছে।

এমন ঘটনায় বগুড়ায় দুই অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সাকিব ও তার ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন- সাকিব হোসেন (২২), শাকিল ইসলাম (২৪) এবং জুয়েল রানা (২৫)। এরা সবাই শহরের নারুলী এলাকার বাসিন্দা।

তাদের মধ্যে সাকিব হত্যা মামলার প্রধান আসামি এবং জামিনে বের হয়ে তিনি এই চক্রটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।

সোমবার সন্ধ্যায় শহরের নারুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান বলেন, ‘১৭ অক্টোবর দুপুরে বগুড়া শহরের বাসিন্দা আকাশ তার পূর্ব পরিচিত এক নারীর সঙ্গে মাটিডালী এলাকায় দেখা যান। মাটিডালী পৌঁছালে ওই মেয়ে আকাশকে জানান একদল যুবক তাকে অনুসরণ করছে। পরে অপহরণকারী চক্রের সদস্যরা তাদের চাকু ধরে গাড়িতে তুলে নারুলী এলাকায় নিয়ে তাদের পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে।’

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি জিডি করে র‌্যাবকে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুই অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন।

এ সময় অপহরণকারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, অপহরণকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র। তারা পলাতক অন্যান্য সদস্যদের সহায়তায় বগুড়া শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত