বিতর্ক যেন পিছু ছাড়ে না! নগ্ন ফটোশুটের পর এবার গাড়ি। ৩ কোটি ৯০ লাখ টাকার অ্যাস্টন মার্টিন চালিয়ে শিরোনামে এসে আইনি সমস্যায় পড়েন রণবীর সিং। গাড়ির বীমা বৈধ নয়- এমনই ছিল অভিযোগ। তবে পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার নিশ্চিত করা হলো, অভিনেতা নির্দোষ।
অভিযোগ জানান এক টুইটার ব্যবহারকারী। যা নিয়ে শোরগোল পড়ে সোশঅল মিডিয়ায়। রণবীর যে গাড়িটি চালিয়ে শহর ঘুরেছেন, সেই গাড়ির বীমার মেয়াদ নাকি শেষ হয়ে গিয়েছে। বীমার কাগুজে নথি প্রমাণ-সহ আপলোডও করা হয়েছিল। যা নিমেষে ভাইরাল হয়। মুম্বাই পুলিশকে ট্যাগ করে রণবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আরজি জানান অভিযোগকারী।
পুলিশের পক্ষে প্রতিক্রিয়া জানিয়ে লেখা হয়, 'আমরা ট্রাফিক শাখাকে জানিয়েছি।' যদিও এর পর খোঁজ-খবর করে জানা গেছে, রণবীরের গাড়ির বীমা যথাযথই রয়েছে। ছড়িয়ে পড়া বিমার নথিটি ভুয়া বলেই জানান তদন্তকারীরা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে বলা হয়, 'যথেষ্ট প্রমাণ ছাড়া এমন অভিযোগ আনা উচিত হয়নি।'
নগ্ন ফটোশুটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল বলে জানা যায়। অভিযোগকারী যে ছবির ভিত্তিতে থানায় গিয়েছিলেন, তা একেবারেই বিকৃত এবং ভুয়া বলে প্রমাণিত হয় পরবর্তীতে। কেউ কেউ কি রণবীরকে অকারণে দোষী সাব্যস্ত করার জন্য উঠেপড়ে লেগেছেন? এমন প্রশ্ন অনুরাগীদের। সূত্র : পিঙ্কভিলা
