গাজীপুরের কালিযাকৈরে মঙ্গলবার রাতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় টাঙ্গাইলের মির্জাপুরে দুটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) ভোর রাত থেকে মির্জাপুর ট্রেন স্টেশনে এই ভোগান্তির শিকার হয় ট্রেন দুটির শতশত যাত্রী। সকাল পৌনে ৮টার দিকে মির্জাপুর ট্রেন স্টেশনে গিয়ে নীল সাগর এক্সপ্রেস এবং ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের এই ভোগান্তির চিত্র দেখা গেছে।
ভুক্তভোগী ট্রেন যাত্রীরা জানায়, ভোর পাঁচটার দিকে ঢাকাগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশনে আটকা পড়ে। এসময় নারী শিশুসহ তাদের চরম ভোগান্তি পোহতে হয়।
সকাল সোয়া ৮টার দিকে নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন ত্যাগ করলে সাড়ে আটটার দিকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আবার মির্জাপুর স্টেশনে আটকা পড়ে।
নীল সাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শামসুল বলেন, তিনি দিনাজপুরের সালতা থেকে রাতে ট্রেনে উঠেছেন। ভোর পাঁচটায় মির্জাপুর স্টেশনে আটকা পড়েছেন। সময়মতো ঢাকা যেত না পেরে তিনি দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান।
ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী অপসোনিন ওষুধ কোম্পানির কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে আমরা ভোগান্তিতে পড়েছি। সকাল ৯টায় অফিসে পৌঁছার কথা থাকলেও মির্জাপুরেই ৯টা পার হয়ে গেছে।
মির্জাপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, কালিয়াকৈরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে মির্জাপুরসহ আশপাশের অনেক স্টেশনে ট্রেন আটকা পড়ে। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।
