পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ি থেকে ৪টি কঙ্কাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রিয়াজুল ইসলামের বাড়ি থেকে বুধবার রাতে কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
এ সময় রিয়াজুল পালিয়ে গেলেও তার স্ত্রী কমলা বানুকে (পুতুল) গ্রেপ্তার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া কঙ্কাল ও আসামিকে দেবীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, গত কয়েক মাসে পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটছিল। সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্রকে ধরতে কাজ করছিল পুলিশ। বুধবার রাত ৮টায় কঙ্কাল চোর চক্রের অন্যতম সদস্য রিয়াজুলের বাড়ির কলপাড়ে কাছে গর্ত করে একটি ব্যাগ পুতে রাখার দৃশ্য দেখতে পান এক স্থানীয় তরুণ।
পরে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিজানের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় রিয়াজুল পালিয়ে যায়। তার স্ত্রী কমলা বানুকে গ্রেপ্তার করা হয় এবং কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
