৯৯ শিশুর মৃত্যুর পর সিরাপ জাতীয় ওষুধ নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৫:২২ পিএম

৯৯টি শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় সব সিরাপ ও তরল ওষুধ বিক্রির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আফ্রিকার দেশ গাম্বিয়ার ভারতের তৈরি কফ সিরাপ খাওয়ার পর মারাত্মক কিডনি জটিলতায় প্রায় ৭০ শিশুর মৃত্যুর কয়েক সপ্তাহের মধ্যে ইন্দোনেশিয়াও ফের  একই ধরনের ঘটনা সামনে আসল। মৃত্যু হল ৯৯টি শিশুর। তবে ইন্দোনেশিয়ার ঘটনায় ভারতের তৈরি সিরাপের কোনো ভুমিকা আছে কিনা তা এখনো জানা যায়নি।

ইন্দোনেশিয়া জানিয়েছে, কিছু সিরাপ জাতীয় ওষুধে মারাত্মক কিডনি জটিলতার (একেআই) সঙ্গে সম্পর্ক আছে এমন কিছু উপাদান পাওয়া গেছে, এগুলোর কারণে চলতি বছর ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। বিবিসি জানিয়েছে, এসব ওষুধ আমদানি করা হয়েছিল না স্থানীয়ভাবে তৈরি তা পরিষ্কার হয়নি।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তারা শিশুদের মধ্যে একেআইয়ের ২০০টি ঘটনা শনাক্ত করেছেন যাদের অধিকাংশের বয়স পাঁচ বছরের নিচে।  

চলতি মাসের প্রথমদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাম্বিয়ায় প্রায় ৭০ শিশুর মৃত্যুর সঙ্গে সম্পর্কিত চারটি কফ সিরাপের ওপর একটি বৈশ্বিক সতর্কতা জারি করে। 

ডব্লিউএইচও দেখতে পায় সেখানে যে সিরাপগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোতে ‘অগ্রহণযোগ্য পরিমাণ’ ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল আছে। ভারতীয় একটি ওষুধ কোম্পানির তৈরি এসব সিরাপের সঙ্গে ‘সম্ভাব্য মারাত্মক কিডনি জটিলতার’ সম্পর্ক আছে বলে জানায় সংস্থাটি।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন বৃহস্পতিবার জানান, স্থানীয়ভাবে ব্যবহার হচ্ছে এমন কিছু ওষুধেও একই রাসায়নিক যৌগ পাওয়া গেছে। তবে এসব বিষাক্ত ওষুধে কতোজন আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেননি তিনি। একজন মহামারী বিশেষজ্ঞ জানিয়েছেন, যা বলা হয়েছে প্রকৃত মৃত্যুর সংখ্যা তারচেয়ে অনেক বেশি হতে পারে।

তিনি বলেন, ‘একেআইতে আক্রান্ত পাঁচ বছরের কম বয়সী শিশু রোগীরা ব্যবহার করেছে এমন কিছু সিরাপে ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল থাকার প্রমাণ পাওয়া গেছে, যদিও এগুলো থাকার কথা না অথবা থাকলেও পরিমাণে খুব অল্প হওয়ার কথা’।

ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, গাম্বিয়ায় যেসব কফ সিরাপ ব্যবহার করা হতো সেগুলো তাদের এখানে পাওয়া যায় না। শিশুদের অসুস্থতার সঙ্গে যে সিরাপগুলোর সম্পর্ক আছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ এখনও পর্যন্ত সেগুলোর নাম প্রকাশ করেনি, এর পরিবর্তে সব সিরাপ ও তরল ওষুধের বিক্রি এবং প্রেসক্রিপশনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত