শান্তকে শেখার প্রক্রিয়ায় থাকার পরামর্শ শ্রীরামের

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১২:৪৪ এএম

নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ার যেন এক গোলক ধাঁধা। অনুশীলনে তাকে দেখে বিদেশী কোচরাও মুগ্ধ হয়ে পড়েন। আর স্থানীয় কোচরাতো তার মাঝে বিশ্বমানের ক্রিকেটার হওয়ার সব উপকরণই দেখেন। কিন্তু মাঠের ক্রিকেটে সে ছাপ শান্ত রাখতে পেরেছেন খুব কমই। শ্রী হীন ব্যাটিং ফর্মে জায়গা হারান টি-টোয়েন্টি থেকে। তবুও চমক হয়ে ঢুকে পড়েন বিশ্বকাপ স্কোয়াডে। তখন থেকেই শুরু হয়েছিল, যা এখনও চলমান।

সাবলীলহীন শট, কার্যকরহী ইনিংস, জীবন পেয়েও কাজে লাগাতে না পারা এসব চলছেই শান্তর ব্যাটে। যা দৃশ্যমান হয়েছে সবশেষ ত্রিদেশীয় সিরিজেও। তবুও আগামী ২৪ অক্টোবর নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইগারদের প্রথম ম্যাচে একাদশে তার থাকার সম্ভাবনা প্রবল। আছেন উদ্বোধনী জুটির পছন্দের তালিকায়। শেষ কয়েকটি ম্যাচে অন্য প্রান্তে সঙ্গী বদলালেও শান্ত ছিলেন অনড়। তবে সেসব ছাপিয়ে শ্রীধরন শ্রীরাম বলছেন শান্তকে থাকতে হবে শেখার প্রক্রিয়ায়।

বৃহস্পতিবার ব্রিসবেনে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট বলেন, ‘শান্ত ভালো ক্রিকেটার, তার হাতে শট আছে। তাকে শেখার প্রক্রিয়ায় থাকতে হবে, নিজেকে বিকশিত করে যেতে হবে। তবে এই ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।’

তিনি যোগ করেন, ‘বিভিন্ন পরিস্থিতিতে সে কিভাবে ব্যাট করে, ভিন্ন ভিন্ন কন্ডিশন ও বোলারদের সে কিভাবে সামলায়, এসব শিখছে সে। আমরা এসব নিয়ে তার সঙ্গে ক্রমাগত কথা বলছি, ফুটেজ দেখানো হচ্ছে, সে যেন উন্নতি করতে পারে সে চেষ্টা আমরা করছি। কোচিংয়ের দিক থেকে আমরা এসবই কেবল করতে পারি।’

এদিকে বাজে সময় কাটানো মুস্তাফিজকে নিয়ে খানিক আশার আলো দেখালেন শ্রীধরন। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৪৮ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। আর তাতেই বাদ পড়েন বাকি ম্যাচগুলোতে। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অবশ্য ফিরেছেন, ৩০ রান খরচ করলেও ছিলেন উইকেট শূন্য। তবুও তার মাঝে উন্নতি দেখতে পাচ্ছেন শ্রীরাম।

তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে সে সত্যিই ভালো বল করেছে। নেটেও ভালো করছে। আমরা ওর স্লোয়ার বল নিয়ে কাজ করছি, যেটা ছিল তার সেরা ডেলিভারি। অ্যালান ডোনাল্ডের সঙ্গে মিলে সে অনেক ফুটেজ দেখছে নিজের বোলিংয়ের, আমার সঙ্গেও কাজ হচ্ছে। স্লোয়ার বলে ওর আর্ম স্পিড নিয়ে কাজ করছি আমরা। আমার মনে হয়, ওর উন্নতি হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত