খুলনায় গয়েশ্বর রায়ের অবস্থানরত বাড়ি থেকে আটক ১৩

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৮:৪২ এএম

বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে বৃহস্পতিবার বিকেলে খুলনায় এসেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাতে নগরীর বসুপাড়া এলাকার সাবেক এক বিএনপি নেতার বাড়িতে অবস্থান করছিলেন তিনি। সেই বাড়িতে অভিযান চালিয়ে গয়েশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ১৩ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন জানান, গয়েশ্বর চন্দ্র রায় খুলনার গণসমাবেশে সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষ করে তিনি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপনের বাসভবনে যান। বিভিন্ন এলাকা থেকে আসা নেতা কর্মীরা তার সাক্ষাৎ করতে গেলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হাতে লাঠি, কোমরে পিস্তল ঝুলিয়ে কয়েকজন বাড়িতে প্রবেশ করে ত্রাসের সৃষ্টি করেছে। এরা পুলিশ কি-না বোঝার উপায় নেই। তারা আমার পাশ থেকে ১৩ জনকে আটক করে নিয়ে গেছে।

নগরীর সোনাডাঙ্গা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বিভিন্ন স্থানে ওয়ারেন্টের আসামি ধরা হচ্ছে। কোন এলাকা থেকে কাকে ধরা হয়েছে, সকালে বলতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত