কুড়িগ্রামে ভাঙনে ২৫ বাড়ি ব্রহ্মপুত্রে বিলীন

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১১:২০ পিএম

পানি কমার সঙ্গে সঙ্গে আবারও কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্রের বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। যার কারণে নিঃস্ব হচ্ছে অনেকে। গত এক সপ্তাহে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের অববাহিকার ভগপতিপুর, পোড়ার চর ও কালির আলগা গ্রামে ভাঙন শুরু হয়েছে। শুধু কালির আলগা গ্রামে স্থানীয় ইউপি সদস্যের বাড়িসহ অন্তত ২৫টি বাড়ি নদী ভাঙনের শিকার হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও ৫০-৬০টি পরিবার। যেকোনো সময় নদীতে বিলীন হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী। বর্তমানে কালির আলগা গ্রামের অনেক ভূমিহীন পরিবার কোনোরকমে আশ্রয় নিয়েছেন দক্ষিণ কালির আলগা চরে।

সরেজমিনে দেখা গেছে, পরিবারের সবাই মিলে ঘর বাড়ি সরাতে ব্যস্ত সময় পার করছেন। অনেকে নৌকাযোগে তাদের ঘর বাড়ি অন্য চরে নিয়ে জমি বর্গা নিয়ে বসতি গড়ে তুলছেন। আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের।

স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, কালির আলগায় গত এক সপ্তাহে আমার বাড়িসহ ২০-২৫টি বাড়ি নদী ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে দক্ষিণ কালির আলগা গ্রামে গিয়ে কোনোরকমে আশ্রয় নিয়েছি আমরা। ভাঙন রোধে এখানে কোনো কাজ হয় না।

বিষয়টি নিয়ে কথা বলতে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত