নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দুর্ধর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সালুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার ভোলাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে একাধিকবার পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে খালি হাতে ফিরেছে। গ্রেপ্তার সালাউদ্দিন শান্তিনগর এলাকার সফর মাঝির ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, বিস্ফোরক, অস্ত্র ও ডাকাতিসহ প্রায় ১৬টি মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, আসামির কাছ থেকে একটি শাটারগান, চার রাউন্ড গুলি ও কিছু মাদক উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় কিশোরদের একটি দল লালনপালন করে আসছিল। মাদকের সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ একাধিকবার তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে। এলাকার মহিলা ও কিশোরদের পুলিশের সামনে লেলিয়ে দিত সে। এবার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
