সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রীর মৃত্যু

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৯:০৫ এএম

শরীয়তপুরের গোসাইরহাট শাইখ্যা সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ সময় লঞ্চের লোহার পানির ট্যাংক ছিটকে পড়লে নিচে পরে তিনজন যাত্রী মারা যান। এ সময় আহত হয় আরও দুজন।

আজ রবিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মাইজারা এলাকায় মেঘনা শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির ও গোসাইরহাট থানার এসআই মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- তানজি (২৩) উপজেলার কোদালপুর সরদার পাড়া এলাকার শাহআলি মোল্লার ছেলে, শাকিল আহমেদ (২৫) টাঙ্গাইল সদরের দাইনাবঘিল এলাকার নাজিম উদ্দিনের ছেলে ও  সাগর আলী (২৩) জামালপুর দিঘলি সোনাটিয়া রগুনাথপুর এলাকার বোরহান আলীর ছেলে। এ সময় হিরা (২৩) ও সাগর রাড়ী (২৩)  গুরুতর আহত হয়েছেন। লঞ্চের যাত্রীরা উদ্ধার করে তাদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হিরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও লঞ্চ যাত্রীরা জানায়, গোসাইরহাট উপজেলার মেঘনা শাখা নদীর মাইজারা এলাকায় ঢাকা থেকে গোসাইরহাট পট্টি লঞ্চ খাটের উদ্দেশ্যে ছেড়ে আসা 'স্বর্ণদ্বীপ প্লাস' লঞ্চটি ভোর সাড়ে ৪টার দিকে শাইখ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় লঞ্চের ছাদে থাকা লোহার পানির ট্যাংক দোতলার ছাদে ছিটকে পড়ে যাত্রীদের ওপর। ঘটনাস্থলেই তানজি নিহত হয়। শাকিল, সাগর আলী, হিরা ও সাগর রাড়ী আহত হন। লঞ্চ যাত্রীরা তাদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  শাকিল, সাগর আলীকে মৃত্যু ঘোষণা করেন।  আর হিরা শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। 

আহত সাগর রাড়ী বলেন, লঞ্চের দোতলার ছাদে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো তারপর কি হয়েছে বলতে পারছি না। পরে দেখি হাসপাতালে আছি।

গোসাইরহাট থানার এসআই মো. মতিউর রহমান বলেন, সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনায় লঞ্চ যাত্রীরা চালক ও তার সহযোগীকে মারধর করবে এমতাবস্থায় আমরা গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। 

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত