আগামী বছরের দিওয়ালির উপহার এ বছরই পেয়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। কি সেই উপহার? ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে জানিয়েছেন অভিনেত্রী। আগামী বছর থেকে দিওয়ালি উপলক্ষে নিউ ইয়র্কের সমস্ত স্কুল ছুটি থাকবে। এ ঘোষণা করেছেন সেখানকার মেয়র। তাতেই উচ্ছ্বসিত 'দেশি গার্ল'।
'কোয়ান্টিকো' সিরিজের সময় থেকেই প্রিয়াঙ্কার বেশির ভাগ সময় আমেরিকায় কাটত। মেট গালার ফ্যাশন শোয়ে গিয়ে মার্কিন পপ-তারকা নিক জোনাসের প্রেমে পড়েন তিনি। তারপর থেকে পাকাপাকিভাবেই আমেরিকায় সংসার করছেন বলিউডের 'দেশি গার্ল'। কিছুদিন আগে মেয়ে মালতীর জন্ম হয়েছে। কাজের পাশাপাশি তার খেয়ালও রাখছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার ছোটবেলার বেশ কিছু সময়ও আমেরিকায় কেটেছে। সেখানকার স্কুলে পড়তেন অভিনেত্রী। সেই স্মৃতি স্মরণ করেই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
যে ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, তাতে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, 'অবশেষে আমাদের সময় এসেছে। ২০২৩ সাল থেকে দিওয়ালি উপলক্ষে নিউ ইয়র্ক শহরের পাবলিক স্কুলগুলোতে ছুটি থাকবে।' এই ভিডিও দেখেই আবেগপ্রবণ হয়ে ওঠেন প্রিয়াঙ্কা। এরিকের ভিডিও ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করে তিনি লেখেন, 'অবশেষে এতগুলো বছর পরে! আমার ভেতরে থেকে যাওয়া কুইনসের সেই মেয়েটা যেন আনন্দে কেঁদে উঠল।'
উল্লেখ্য, এর আগে দিওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে আপত্তি করে বেজায় কটাক্ষের শিকার হন প্রিয়াঙ্কা। তবে এবারে অভিনেত্রী ভালো খবরই দিলেন। মার্কিন মুলুকে এবার বেশ ভালোভাবেই দিওয়ালি পালিত হয়। ছোটদের সঙ্গে মিলে আলোর উৎসবে মেতেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। সকলের সঙ্গে মিলে বাজি পোড়ান তিনি। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া
