জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ নির্বাচন কমিশনের (ইসি) আওতায় রাখতে চান ইসি কর্মকর্তারা। তাদের ভাষ্য, এনআইডি নিবন্ধন অনুবিভাগ ইসি থেকে সরিয়ে নেওয়া হলে নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। গতকাল রবিবার কমিশনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এ দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দিয়েছে।
জাতীয় পরিচয়পত্রের সেবা ও সব ধরনের কার্যক্রম ইসি থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গত ১০ অক্টোবর জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২২-এর খসড়া শর্তসাপেক্ষে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে খসড়া আইনে সংশোধনী আনারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগেও ইসি কর্মকর্তাদের এ সংগঠনটি সাবেক সিইসি কেএম নুরুল হুদা কাছে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছিল। গতকাল সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে দেওয়া স্মারকলিপি জমা দেওয়ার পর অ্যাসোসিয়েশনের মহাসচিব হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতিমধ্যে সিইসিকে এনআইডির বিষয়ে যুক্তিযুক্ত স্মারকলিপি দিয়েছি। কমিশনে এ নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। সাবেক সিইসি ও সচিবরাও এনআইডি ইসির অধীনে রাখার পক্ষে। সিইসি আমাদের আশ্বস্ত করেছেন। কমিশন সভা করে তাদের বক্তব্য স্পষ্ট করবেন।’
