মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস চাপায় লাকি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। একই সঙ্গে তার ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি একই উপজেলার আলমদস্তার গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, অটো ভ্যান যোগে উপজেলার টেকেরহাট বন্দর থেকে আলমদস্তারের বাড়ি ফিরছিল মা লাকি বেগম ও ছেলে সাজিদ মোল্লা । পথিমধ্যে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস অটো ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই লাকি বেগম নিহত হয়। একই সঙ্গে তার ছেলে সাজিদ মোল্লা ও ভ্যান চালক শামীম শেখ গুরুতর আহত হয়। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মস্তফাপুর হাইওয়ে থানার এসআই জুয়েল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এ সময় গ্রিন লাইন পরিবহনের বাসটি আটক করে আমাদের হেফাজতে রেখেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
